রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় নারীসহ ওয়ারেন্টভুক্ত ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গভীর রাতে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদেরের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক টিম পৃথক পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাখরবাদ এলাকার মোছা. রুমি বেগম, বৈলাবাড়ি গ্রামের তাসলিমা, বাখরবাদ সাহেবনগর এলাকার সেলিনা আক্তার, সাহেবনগর মধ্যপাড়া এলাকার সালমা আক্তার, আড়ালিয়াকান্দি গ্রামের মো. বিল্লাল হোসেন, মকলিশপুর গ্রামের ইমন আহমেদ, ঘোষঘর গ্রামের মো. কালা মিয়া এবং গাজীপুর মোল্লাবাড়ির মো. কবির হোসেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ অভিযানের ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে বলে স্থানীয়দের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।
রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি 


















