রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি:
কৃষির উন্নয়ন, পুষ্টি বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিকে টেকসই করার লক্ষ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের ধামঘর গ্রামে “পার্টনার ফিল্ড স্কুল”-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপপরিচালক মিজানুর রহমান (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা) ও সিনিয়র মনিটরিং অফিসার সারোয়ার জামান (পার্টনার প্রোগ্রাম, কুমিল্লা)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু এবং সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুর আলম। স্বাগত বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা হাজেরা বেগম ও নাসির উদ্দিন।
বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার, সুষম সার প্রয়োগ, মানসম্পন্ন বীজ ব্যবহার এবং কৃষিকে বাণিজ্যিকীকরণের মাধ্যমে দেশকে আরও সমৃদ্ধ করতে হবে। পাশাপাশি গ্রামীণ কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও বীজ উদ্যোক্তা তৈরিতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
দশ দিনব্যাপী এ প্রশিক্ষণে ২৫ জন কৃষক-কৃষাণিকে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার, পুষ্টি উপযোগী ফসল উৎপাদন ও জলবায়ু সহনশীল চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করেন কৃষাণি তানজিলা, যিনি হাতে-কলমে কৃষি শিক্ষায় অসাধারণ দক্ষতা প্রদর্শন করেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা অংশগ্রহণকারী কৃষকদের হাতে সনদ তুলে দেন এবং তাদের হাতে গাছের চারা ও কৃষি উপকরণ তুলে দিয়ে প্রকল্পের সফলতা কামনা করেন।
রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি 
















