রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
নির্বাচনের পর ক্ষমতার স্বাদ নয়, বরং মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন নব-নির্বাচিত সংসদ সদস্য কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে অস্বচ্ছল হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৫ লক্ষ টাকা নগদ অনুদান প্রদান করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ফুলেল শুভেচ্ছা জানাতে মুরাদনগর উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি তাৎক্ষণিকভাবে এই অনুদান প্রদান করেন। একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের অসহায় ও দরিদ্র মানুষের জন্য একটি বিশেষ সহায়তা তহবিল গঠনের নির্দেশ দেন।
এ সময় কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, এই তহবিলের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের অসহায় ও দরিদ্র মানুষদের নিয়মিত সহযোগিতা করা হবে। পর্যায়ক্রমে আমি নিজেও এ ফান্ডে আরও আর্থিক সহায়তা প্রদান করব।
নবনির্বাচিত এমপির এমন উদ্যোগে আবেগাপ্লুত হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেন, নির্বাচনের পরপরই দরিদ্র মানুষের কথা ভাবা একজন জনপ্রতিনিধির দায়িত্বশীলতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কুমিল্লা জেলার আহ্বায়ক দুলাল দেবনাথ বলেন, সাধারণত নেতারা ভোটের আগে মানুষের খোঁজ নেন, কিন্তু ভোটের পর তা আর থাকে না। অথচ কায়কোবাদ সাহেব নির্বাচিত হয়েই গরিব-অসহায়দের জন্য ৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন এবং স্থায়ী সহায়তার জন্য ফান্ড গঠনের নির্দেশ দিয়েছেন। এমন নেতৃত্ব আমাদের জন্য আশীর্বাদ।
মুরাদনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর বলেন, তিনি শুধু আমাদের ফুল গ্রহণ করেননি, তিনি গরিব অসহায়দের কথা ভেবেছেন। আমরা কোনো সহযোগিতা চাইনি, তিনিই নিজ উদ্যোগে এই সিদ্ধান্ত নিয়েছেন। কায়কোবাদ সাহেব মুরাদনগরের হিন্দু সম্প্রদায়ের নিরাপদ আশ্রয়স্থল।
স্থানীয় নেতারা জানান, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ শুধু আজ নয় দেশের বিভিন্ন দুর্যোগ ও সংকটেও তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছেন। ধর্মীয় ও সামাজিক উৎসব থেকে শুরু করে সুখ-দুঃখে মানুষের খোঁজখবর রাখেন নিয়মিত।
মানবিক রাজনীতির এমন দৃষ্টান্ত স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি 

















