মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর পক্ষে গণসংযোগ চলাকালে বিএনপির নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতে ইসলামীর দুই নেতাকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ছালিয়াকান্দি ইউনিয়ন জামায়াতের কর্মী আবু তাহের ও নজরুল ইসলাম।
আহত আবু তাহের জানান, তারা জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে শান্তিপূর্ণভাবে গণসংযোগ চালাচ্ছিলেন। এ সময় স্থানীয় বিএনপি নেতা রুহুল আমিনের নেতৃত্বে ২০–২৫ জন তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে ঘটনাস্থলেই তারা আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর সন্ধ্যায় মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। একই সঙ্গে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুর রহমানের কাছে লিখিত অভিযোগ দেন মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মো. মাহাবুব আলম মুন্সি।
এদিকে রাত ৯টার দিকে ঘটনার প্রতিবাদে কয়েকশ’ জামায়াতের নেতাকর্মী মুরাদনগর উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন।
মুরাদনগর উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জালাল উদ্দিন বলেন, “আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে গণসংযোগ করছিলেন। পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। আমরা এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”
এ বিষয়ে মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দুলাল সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি অসুস্থ, ঘটনাটি সম্পর্কে আমার জানা নেই।”
মুরাদনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্তের জন্য ইনকয়ারি কমিটির কাছে পাঠানো হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধি: 

















