রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক পাঁচবারের এমপি ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বেসরকারি ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৪৯ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুমিল্লা-৩ আসনের ১৫৯টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে (পোস্টাল ব্যালটসহ) কায়কোবাদ পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ২৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউসুফ সোহেল ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে অর্জন করেন ১ লাখ ৯ হাজার ৫৯৯ ভোট। এতে দুই প্রার্থীর মধ্যে ভোট ব্যবধান দাঁড়ায় ৪৯ হাজার ৬৯২।
ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই মুরাদনগরের বিভিন্ন এলাকায় কায়কোবাদের সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বিজয় মিছিল, স্লোগান ও মিষ্টি বিতরণের মাধ্যমে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন পর এই আসনে বিএনপির এত বড় ব্যবধানে জয় স্থানীয় রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে।
অন্যদিকে, পরাজিত প্রার্থীর পক্ষ থেকে ফলাফল নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, কুমিল্লা-৩ আসনটি দীর্ঘদিন ধরেই কায়কোবাদের রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত। ষষ্ঠবারের এই বিজয়ের মধ্য দিয়ে তিনি আবারও স্থানীয় রাজনীতিতে নিজের প্রভাব ও শক্ত অবস্থান সুস্পষ্টভাবে প্রতিষ্ঠা করলেন।
রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ 

















