রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় একটি ভাড়া বাসা থেকে সাইফুল ইসলাম (৩৫) নামে এক কলেজ শিক্ষকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর বাজার এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাইফুল ইসলাম জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের রামনগর গ্রামের মোবারক আলীর ছেলে। তিনি গত তিন বছর ধরে মুরাদনগরের স্থানীয় অধ্যাপক আবদুল মজিদ কলেজে ইংরেজি বিষয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ মার্চ সর্বশেষ কলেজে ক্লাস নেন সাইফুল ইসলাম। এরপর থেকে তার সঙ্গে সহকর্মী বা শিক্ষার্থীদের আর কোনো যোগাযোগ হয়নি। কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস আহমেদ চৌধুরী জানান, সাইফুল ইসলাম মাঝেমধ্যে কাউকে কিছু না জানিয়ে কলেজে অনুপস্থিত থাকতেন।
গত রোববার কয়েকজন শিক্ষার্থী তার বাসায় গিয়ে অনেক ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ফিরে যায়। পরে বাসা থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি পুলিশকে জানালে বাঙ্গরা বাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভেতর থেকে বন্ধ থাকা দরজার তালা ভেঙে কক্ষের ভেতর থেকে তার গলিত মরদেহ উদ্ধার করে।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, মরদেহটিতে পচন ধরে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৪ থেকে ৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি 
















