মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় শাহ আলী নামে (২৩) এক মাদক সেবীকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকালে উপজেলা সদরের উত্তর পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শাহ আলী উত্তর পাড়ার তারু মিয়ার ছেলে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে মুরাদনগর উপজেলা সদরের উত্তর পাড়ায় মাদক সেবনের সময় শাহ আলীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে বিকালেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন জানান, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স আবস্থায় রয়েছে। বিশেষ করে মুরাদনগরে মাদক নির্মূলে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ মহোদয়ের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স আবস্থার নির্দেশনা রয়েছে। উপজেলা মাদক বিরোধী অভিযান সবসময় চলবে। মাদকের বিষয়ে কাউকে কোন প্রকার ছাড় দেয়া হবে না। তিনি আরো বলেন, এ ব্যবসার সাথে জড়িত মূল হোতাদের গ্রেপ্তারের ব্যপারে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধিঃ 














