রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি :
শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক ও সামাজিক গুণাবলি বিকাশের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ষষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ।
বুধবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় মুরাদনগর উপজেলা স্কাউটসের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান।
সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। এতে ১৫টি স্কাউট দলের মাধ্যমে মোট ১২০ জন স্কাউট বিভিন্ন সেন্ট্রাল ইভেন্ট ও স্কাউট কার্যক্রমে অংশ নিয়ে নতুন নতুন দক্ষতা অর্জন ও তা হাতে-কলমে প্রয়োগের সুযোগ পাচ্ছে।
মুরাদনগর উপজেলা স্কাউটসের কমিশনার মো. ময়নাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার।
শিক্ষক শারমিন ফাতেমার উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস লিডার ট্রেইনার আখতারুজ্জামান, উপজেলা স্কাউটস সম্পাদক ও প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম এবং কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন।
বক্তারা বলেন, ১৯০৭ সালে ইংল্যান্ডের ব্রাউনসি দ্বীপে লর্ড ব্যাডেন পাওয়েলের উদ্যোগে ২০ জন বালককে নিয়ে পরীক্ষামূলক ক্যাম্পের মাধ্যমে স্কাউট আন্দোলনের যাত্রা শুরু হয়। মানবতা ও সেবার আদর্শকে সামনে রেখে স্কাউটিং আজ বিশ্বব্যাপী বিস্তৃত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে স্কাউটরা সবসময় স্বেচ্ছাসেবী ভূমিকা রেখে চলেছে। এ সমাবেশে অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতা স্কাউট, রোভার স্কাউট ও লিডারদের ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়ক হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কাজিয়াল রহিম রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, যাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, কোরবানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম জে নাইম ভূঁইয়া, আন্দিকোট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ মোশারফ, বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, তুলাগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম ভূঁইয়া, বইড়াকুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্কাউট নেতৃবৃন্দ।
রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি 
















