আরিফ হোসেন, মুরাদনগর (কুমিল্লা):
কুমিল্লার মুরাদনগর উপজেলার একটি এলাকায় স্কুলছাত্রীদের দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগ উঠেছে কয়েকজন বখাটে কিশোরের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের অভিযোগ, স্কুলে যাতায়াতের সময় ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য, অনুসরণ করা এবং বিভিন্নভাবে হয়রানির ঘটনা ঘটছে যা এলাকায় উদ্বেগের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর আর.কে. উচ্চ বিদ্যালয়-এর আশপাশে গত কয়েক মাস ধরে কয়েকজন কিশোর প্রায়ই জড়ো হয়ে স্কুলে আসা-যাওয়া করা ছাত্রীদের উত্যক্ত করত।। এলাকাবাসীর অভিযোগ, তাদের মধ্য রিয়াদ সরকার, শাকিল মিয়া, সজিব হোসেন এবং সোহান সরকার নামে কয়েকজন নিয়মিত এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল।
অভিযোগ রয়েছে, উল্লিখিতদের মধ্যে রিয়াদ সরকার হচ্ছেন মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার-এর ছেলে। স্থানীয়দের দাবি, প্রভাবশালী পরিবারের সন্তান হওয়ায় তারা দীর্ঘদিন ধরে কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই এসব কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
এলাকাবাসী জানান, বিষয়টি সমাধানের লক্ষ্যে এলাকায় সম্প্রতি একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সংশ্লিষ্ট কিশোরদের ভবিষ্যতে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন। কিন্তু অভিযোগ রয়েছে, ওই বৈঠকের পরও উত্যক্তের ঘটনা বন্ধ না হয়ে বরং আরও বেড়ে যায়।
কয়েকজন অভিভাবক জানান, তাদের মেয়েরা ভয় ও অস্বস্তির মধ্যে প্রতিদিন স্কুলে যাতায়াত করছে। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিষয়টি স্থানীয় থানার দৃষ্টি আকর্ষণের জন্য অবহিত করা হয়েছে।। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত উত্ত্যক্তের ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়ার খবর পাওয়া যায়নি।
এলাকাবাসীর মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে এমন অনাকাঙ্ক্ষিক্ষত ঘটনা বন্ধ করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি, যাতে ছাত্রীদের নিরাপদ পরিবেশে পড়াশোনা নিশ্চিত করা যায়।
মুরাদনগর বার্তা ডেস্ক : 










