রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদক, ইভটিজিং এবং যানজট নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান সভাপতিত্বে এ বার্তা প্রদান করা হয়।
সভায় চুরি, মাদক ও জুয়া সহ বিভিন্ন অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করা হয়। ইউএনও মোঃ আবদুর রহমান বলেন, সকলের সম্মিলিত সচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ মুরাদনগর নিশ্চিত করা সম্ভব। সমাজের প্রতিটি স্তরের মানুষ সচেতন হলে অপরাধ অনেকাংশে কমবে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান, মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিন কাদের খান, স্বাস্থ্য, শিক্ষা, প্রকৌশল, সমবায় ও যুব উন্নয়নসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি 
















