রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
গণতন্ত্রের প্রতীক, আপোষহীন দেশনেত্রী, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
শোক প্রকাশের পাশাপাশি তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনায় মুরাদনগর উপজেলার সকল মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে পবিত্র কুরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজনের জন্য উপজেলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
খালেদা জিয়ার মৃত্যুর খবর পাওয়ার পরপরই কায়কোবাদ তার নির্বাচনী এলাকার বিএনপি নেতাকর্মীদের নির্দেশনা দেন মুরাদনগরের প্রতিটি মসজিদ ও মাদ্রাসায় মরহুমার আত্মার শান্তি কামনায় দোয়া ও কুরআন খতমের আয়োজন করার জন্য।
শোকবার্তায় কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবার সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তির পথে এগিয়ে নিয়েছিলেন এবং সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তারই সহধর্মিণী বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন ও সংগ্রামী নেত্রী।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষের ঐক্যের প্রতীক। সংকটময় মুহূর্তেও তিনি জনগণ ও দেশকে ছেড়ে যাননি। জালিমের বিরুদ্ধে অবিচল থেকে সংগ্রাম করেছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি ছিলেন মূল প্রেরণাশক্তি।
শেষে তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করে বলেন, আল্লাহ তায়ালা যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং এই শোকের মুহূর্তে তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দান করেন।
রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ 
















