কাজী শরিফ, মুরাদনগর (কুমিল্লা) :
গভীর রাতে হজযাত্রীদের সেবা কার্যক্রম সরেজমিনে তদারক করতে রাজধানীর আশকোনা হজক্যাম্প পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। রাতভর তিনি হজযাত্রীদের সার্বিক অবস্থা ও সেবাব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন, যা দায়িত্ববোধ ও মানবিকতার একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে দেখা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হজক্যাম্পে পৌঁছে ধর্মমন্ত্রী বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান ও সংস্থার ডেস্ক ঘুরে দেখেন।
এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে সেবার মান ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে ইমিগ্রেশন এলাকায় গিয়ে হজযাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের অভিজ্ঞতা ও মতামত শোনেন।
পরিদর্শনের একপর্যায়ে তিনি ডরমিটরি এলাকাও ঘুরে দেখেন। সেখানে অবস্থানরত হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের থাকা-খাওয়ার পরিবেশ ও সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে চান। হজযাত্রীরা হজক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
হজযাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি বছর আগের তুলনায় ভোগান্তি অনেকটাই কমেছে। ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হচ্ছে এবং হজক্যাম্পে পৌঁছানোর পর স্বেচ্ছাসেবকেরা লাগেজ নির্ধারিত স্থানে পৌঁছে দিচ্ছেন। নিরাপত্তা জোরদারে আধুনিক স্ক্যানিং ব্যবস্থাও চালু করা হয়েছে। পাশাপাশি ধর্মমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে লাগেজ র্যাপিং সুবিধা চালু হওয়ায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন।
সব মিলিয়ে এবারের হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও সেবার মান আগের তুলনায় উন্নত হয়েছে বলে মত দিয়েছেন হজযাত্রীরা।
কাজী শরিফ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: 














