মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় নতুন গতি এসেছে মাদকবিরোধী অভিযানে। নবাগত ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে ধারাবাহিক অভিযানে নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের পান্তি গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পান্তি গ্রামের মৃত আব্দুল মালেকের স্ত্রী শাহিদা আক্তার (৪২) ও মৃত শাহ জালালের ছেলে মোঃ রাশেদ (৩৫)।
পুলিশ জানায়, ওসি’র নির্দেশনায় মুরাদনগর থানার এসআই মোঃ মহিন উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পান্তি গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সাহিদা আক্তার ও রাশেদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এছাড়াও গত ২১ এপ্রিল মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী মুরাদনগর থানায় নতুন ওসি হিসেবে যোগদানের পরপরই, গত ২৩ এপ্রিল মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কে ডাকাতি প্রতিরোধ অভিযানে তিতাস উপজেলার রঘুনাথপুর গ্রামের মোঃ শাহ আলমের ছেলে মোঃ আলমগীর হোসেন (৩১) কে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মুরাদনগরকে অপরাধমুক্ত করতে আমাদের অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি তিনি অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধি: 


















