সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীল কর্মের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিতি বাড়ানো এবং তাঁর অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় মুরাদনগর উপজেলা কবি নজরুল মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আবুল কালাম আজাদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবির সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক মানবিক চেতনার প্রসার ঘটানোই মূল লক্ষ্য। আগামী ২ সেপ্টেম্বর থেকে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: 


















