মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধিঃ
বিরোধী দলের ওপর কোনো ধরনের অত্যাচার-জুলুম, অন্যায়-অবিচার না করার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কায়েকোবাদ। তিনি বলেন, “তারা আমাদেরই ভাই। তারা যেন মাথা উঁচু করে বাঁচতে পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।”
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কুমিল্লার মুরাদনগর বড় মাদ্রাসা মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী কায়েকোবাদ বলেন, দেশের অখণ্ডতা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনীতি, কৃষি, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। ধর্মীয় ও জাতিগত বিভাজনের ঊর্ধ্বে উঠে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া দীর্ঘ ১৭ বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তাঁর দেখানো পথ ধরে বর্তমান সরকার ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে বিএনপির সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, “আমাদের শপথ নিতে হবে—আমরা অন্যায় করব না, অবিচার করব না, জুলুম করব না। আমরা আওয়ামী লীগের মতো জুলুম-নির্যাতন করব না। আমরা সৎভাবে জীবনযাপন করব। আমাদের হাত দ্বারা কোনো ভাই যেন ক্ষতিগ্রস্ত না হন।”
দেশের বর্তমান বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার লুটপাট করে দেশকে যে অবস্থায় রেখে গেছে, তা থেকে উত্তরণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এ সংকট কাটিয়ে উঠতে জনগণকে কিছুদিন ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা মহিউদ্দিনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, আব্দুল আজিজ মোল্লা, ফারুক সরকার মজিব, শাহ আলম সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, জাসাসের আহ্বায়ক আবু বক্কর ও জিসাসের আহ্বায়ক জসীমউদ্দীন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, দুলাল সরকার, জহির সিদ্দিকী, হাজী ইদ্রিস, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, সদস্য সচিব মো. সুমন মাস্টার, যুগ্ম আহ্বায়ক ইয়াছির আরাফাত, কৃষক দলের আহ্বায়ক নায়েব আলী, ওলামা দলের আহ্বায়ক মো. মহিবুল্লাহ, নবীপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন তুহিন, নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. এনামুল হক, চাপিতলা ফরিদ উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত, বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা কলেজ ছাত্রদলের সভাপতি এ.কে আজাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মুরাদনগর উপজেলা হেফাজতের নায়েবে আমির হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম। দোয়ায় দেশ, জাতি ও মানুষের কল্যাণ কামনা করা হয়।
মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধিঃ 








