মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের গোমতী নদী বেড়িবাঁধ এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ২৬ লিটার দেশীয় চোলাই মদসহ স্বপন চন্দ্র দাস (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
একই অভিযানে মাদক সেবনের দায়ে আরিফ (২৯) নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১১ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কিছমত রহিমপুর (মুচি বাড়ি) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত স্বপন চন্দ্র দাস কিছমত রহিমপুর এলাকার মুচি বাড়ির মৃত রঙ্গলাল চন্দ্র দাসের ছেলে। অপরদিকে দণ্ডপ্রাপ্ত আরিফ রহিমপুর গ্রামের দুধ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কিছমত রহিমপুর গ্রামের মুচি বাড়িতে দীর্ঘদিন ধরে দেশীয় চোলাই মদ বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী এর নেতৃত্বে এসআই রুহুল আমিল, এসআই আব্বাস কবির চৌধূরী ও এএসআই কুসুম বড়ুয়াসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
অভিযানকালে ২৬ লিটার চোলাই মদ উদ্ধার করে স্বপন চন্দ্র দাসকে আটক করা হয়। এ সময় সেখানে মাদক সেবন করতে আসা আরিফ নামের এক যুবককেও আটক করে পুলিশ।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম সারোয়ার রাব্বি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরিফকে ২০০ টাকা অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত স্বপন চন্দ্র দাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে এবং দণ্ডপ্রাপ্ত আরিফকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধিঃ 










