সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড School কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। ২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা রেজাউল করিম ভূঁইয়া।
তিনি বলেন, “আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিই দেশের টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে। সরকার কৃষকদের পুষ্টিনির্ভর উৎপাদন ও উদ্যোক্তা তৈরিতে নানা কার্যক্রম বাস্তবায়ন করছে।”
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নূর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আল মামুন রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বি এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ।
দিনব্যাপী আয়োজনে কৃষকদের অংশগ্রহণ ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। অভিজ্ঞতা বিনিময়, সফলতার গল্প এবং প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।
সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: 









