আয়শা রহমান প্রজ্ঞা, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় ৩৭ কেজি গাঁজাসহ মো. জহিরুল হক ভূঁইয়া (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল। অভিযানে তাঁর হেফাজত থেকে ৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে অভিযানসংশ্লিষ্ট সূত্র।
রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার ফুলতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জহিরুল হক ভূঁইয়া দেবীদ্বার উপজেলার ফুলতলী গ্রামের মৃত আবদুল আলিম ভূঁইয়ার ছেলে।
সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহের অভিযোগ
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, জহিরুল হক দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।
সোমবার (১২ অক্টোবর) এসআরবি-১১-এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ও সিনিয়র সহকারী পরিচালক (সিনিয়র এএসপি) মো. ইমরুল হাসানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মাদক আইনে মামলা, আদালতে পাঠানো
এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এসআরবি-১১-এর অভিযানে ৩৭ কেজি গাঁজাসহ মো. জহিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করে দেবীদ্বার থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় দেবীদ্বার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
মুরাদনগর বার্তা ডেস্ক : 








