রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পারভেজ নামে এক ড্রেজার ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ঘটনাস্থল থেকে দুটি ড্রেজার মেশিন ও প্রায় ১২০০ ফুট পাইপ অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বি এর নির্দেশনায় বাঙ্গরা বাজার থানাধীন পূর্ব ধৈইর (পশ্চিম) ইউনিয়নের এলখাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলখাল এলাকার কৃষিজমি থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসন অভিযান চালিয়ে এ কার্যক্রম বন্ধ করে দেয়।
এ সময় ঘটনাস্থল থেকে দুটি ড্রেজার মেশিন ও প্রায় ১২০০ ফুট পাইপ অপসারণ করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত-২০২৩) অনুযায়ী দায়ের করা মামলায় এলখাল এলাকার মোখলেসুর রহমান (বাদল মাস্টার) এর ছেলে পারভেজকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন বলেন, “সরকারি নির্দেশনা অমান্য করে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি: 









