আবুল কালাম আজাদ ভূইয়া, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় চোর সন্দেহে দুই যুবককে গণপিটুনির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) ভোরে উপজেলার টনকি ইউনিয়নের কমলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মোচাগড়া এলাকার সাইদুল ইসলাম এবং কমলপুর গ্রামের শামীম আহমেদ।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কমলপুর গ্রামে কয়েকটি বাড়িতে চুরি আতঙ্ক দেখা দেওয়ায় গ্রামবাসীর কিছু যুবক রাত জেগে পাহারা দিচ্ছিলেন। এ অবস্থায় ভোর রাতে সাইদুল ইসলামকে কমলপুর গ্রামের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাকে আটক করেন।
পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শামীম আহমেদের নাম উঠে আসলে তাকে বাড়ি থেকে ডেকে আনা হয়। অভিযোগ রয়েছে, এরপর দুজনকে কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ে গিয়ে কয়েকজন উত্তেজিত ব্যক্তি মারধর করেন। এতে তারা গুরুতর আহত হন।
খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কোচাইতলী ইউনিটে পাঠানো হয়।
আহত সাইদুল ইসলাম দাবি করেন, কোনো চুরির ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। তাকে চোর সন্দেহে আটক করে মারধর করা হয়েছে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার এক পুলিশ কর্মকর্তা জানান, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল আইন নিজের হাতে তুলে না নিয়ে যেকোনো অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছেন।
আবুল কালাম আজাদ ভূইয়া, বিশেষ প্রতিনিধি: 









