রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি:
আসন্ন শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা ও উল্টো রথ উৎসব উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের চিরায়ত ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি। এই ঐতিহ্য অটুট রাখতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন অঞ্জন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কুমিল্লা উত্তর জেলার আহ্বায়ক শ্রী দুলাল দেবনাথ। কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অরূপ নারায়ণ পোদ্দার পিংকু অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক এবং যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া।
এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মুরাদনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর, দেবীদ্বার শাখার সভাপতি অধ্যাপক বিমল দত্ত, চান্দিনা শাখার সভাপতি গৌরাঙ্গ সাহা, দাউদকান্দি শাখার সভাপতি মধু চন্দ্র সরকার, উপজেলা কৃষক দলের সভাপতি নায়েব আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন এবং উপজেলা যুবদলের নেতা মাসুম মুন্সি।
বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা বাংলাদেশের শক্তি। প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। রথযাত্রা ও উল্টো রথ উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তারা।
সভায় উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের মতবিনিময় সভা পারস্পরিক আস্থা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপনে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে আসন্ন রথযাত্রা ও উল্টো রথ উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সবাই একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি 









