রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার বাঙ্গরা উপজেলায় পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের খানেপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, রামচন্দ্রপুর আড়ালিয়াকান্দি গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে মো. মোতালেব হোসেন (৩৭) এবং রামচন্দ্রপুর খানেপাড়া গ্রামের গনি মিয়ার ছেলে মো. জিলানী (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসেবে এসআই মো. নাজিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নেন। পরে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১৯ জুলাই) তাদের আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও বলেন, “মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে সচেতন নাগরিকদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”
পুলিশের এ অভিযানে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি 













