তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলায় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে ইমরান (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল পৌনে ১২টার দিকে উপজেলার নিলখী ইউনিয়নের চম্পকনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান ওই গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র ও হাসপাতাল সূত্রে জানা যায়, ড্রেজারের ড্রামের ওপর দুষ্টুমি করার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে পাশের পুকুরে পড়ে যান ইমরান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, ইমরান দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ কারণেও দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
হোমনা থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, মরদেহে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মোফাচ্ছের বলেন, এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের ক্ষেত্রে আইন অনুযায়ী অনুমোদন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। অবৈধ বালু উত্তোলনের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তপন সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ 















