সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে বাঙ্গরা বাজার থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—চান্দিনা থানার অম্বরপুর গ্রামের মাছুমের ছেলে মো. বায়েজিদ (১৯), বাঙ্গরা বাজার থানার ধনপতিখোলা গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মো. সজিব (৩০), একই গ্রামের মৃত মোতালিবের ছেলে গিয়াস উদ্দিন (২৮), হোমনা থানার মাইজচর গ্রামের মৃত গোলাম এলাহীর ছেলে মো. আরিফুর রহমান শুভ (২৯) এবং বাঙ্গরা বাজার থানার চন্দনাইল গ্রামের মৃত খায়ের মিয়ার ছেলে মো. মামুন (৩০)।
পৃথক অভিযানে গ্রেপ্তার
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলমের নির্দেশনায় দীঘিরপাড় গ্রামের দাখিল মাদ্রাসার পাশে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবাসহ মো. বায়েজিদ, মো. সজিব ও গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে রামচন্দ্রপুর অধ্যাপক আব্দুল মজিদ কলেজের পাশে অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. আরিফুর রহমান শুভকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মাদক সেবনের অভিযোগে রামচন্দ্রপুর বাজার এলাকা থেকে মো. মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের শনিবার দুপুরের পর কুমিল্লার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ 

















