রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় এক বিধবা নারির সঙ্গে মামা ও ভাগিনার প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে মামা মাসুদ মিয়া (৪৫) কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভাগিনা শিপন মিয়ার (২৩) বিরুদ্ধে।
রবিবার দুপুরে মামা মাসুদ মিয়াকে হত্যার আভিযোগে ভাগিনা শিপন মিয়কে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
নিহত মাসুদ মিয়া কোড়েরপাড় গ্রামের মৃত হাসন আলীর ছেলে। তিনি নিজ গ্রামে ভাঙারির ব্যবসা করতেন।
খুনি ভাগিনা শিপন মিয়ার (২৩) পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবারপুর গ্রামের আনিছ মিয়ার ছেলে।
গত শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার আকুবপুর ইউনিয়নের কোড়েরপাড় মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবার রবিবার সকালে বাঙ্গরা বাজার থানায় একটি মামলা দায়ের করা হলে সেই মামলায় ভাগ্নে শিপনকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যাকাণ্ডে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে মাসুদ মিয়া তার দোকানের পাশের একটি মুদি দোকানে গেলে ভাগিনা শিপন তাকে সেখান থেকে ডেকে নিয়ে যান। দোকান থেকে কিছু দূরে নিয়ে গিয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন। এ সময় দুজনের ধস্তাধস্তির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে শিপন পালিয়ে যান। রক্তক্ষরণে ঘটনাস্থলেই মাসুদ মিয়ার মৃত্যু হয়।
পরিবারের দাবি, গত ১৫ দিন আগে ওই নারীর সঙ্গে নিজের সম্পর্ক আরও গভীর করার উদ্দেশে শিপন তার মামা মাসুদ মিয়ার বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ তোলেন। বিষয়টি জানতে পেরে গত ২০ অক্টোবর শিপনকে মারধর করেন মাসুদ মিয়া। এরপর থেকে শিপন বিভিন্ন জনের কাছে ওই নারীকে পাওয়ার জন্য মামাকে সরিয়ে দেওয়ার কথা বলতেন। পরিবারের ধারণা, সেই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সুফিয়া বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, একই নারীর সঙ্গে মামা-ভাগিনার প্রেম সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যা মামলার প্রধান আসামি শিপনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় অন্য কেউ জড়িত আছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদেরও গ্রেপ্তার করা হবে। সোমবার সকালে গ্রেপ্তারকৃতকে কুমিল্লার আদালতে প্রেরন করা হবে।
রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি 








