দুপুরের ব্যস্ত বাজার। চারপাশে মানুষের চলাচল, কেনাকাটায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতা। এরই মধ্যে প্রকাশ্যে এক নারীকে ছুরিকাঘাত করেন এক ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই নারী। পরে জানা যায়, হামলাকারী তাঁরই স্বামী। কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে জনসমক্ষে স্বামীর ছুরিকাঘাতে সুখিয়া (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বাজারের চৌধুরী বস্ত্রালয়ের সামনে কাঁচাবাজারসংলগ্ন এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সুখিয়া দেবীদ্বার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিনাইপার গ্রামের বাসিন্দা। তিনি একই গ্রামের শরিফুলের স্ত্রী। স্থানীয়দের দাবি, শরিফুল মাদকাসক্ত। সম্প্রতি পারিবারিক কলহের জেরে তাঁদের দাম্পত্য সম্পর্কে বিচ্ছেদ ঘটে। এরই মধ্যে প্রকাশ্য বাজারে স্ত্রীকে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।
ঘটনার একটি দৃশ্য স্থানীয় এলাকার সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে। ফুটেজে ঘটনাস্থলে এক ব্যক্তির হাতে ছুরিসদৃশ বস্তু দেখা যায়। দিনের বেলায় জনবহুল বাজারে এমন হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ 








