মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থী ও এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক নারী।
বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার আমানগন্ডা ও গাংরা এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন উপজেলার ঘোলপাশা ইউনিয়নের গোরাগোরা গ্রামের আবদুল মতিনের নাতি মুনতাসীর (৯) এবং চিওড়া ইউনিয়নের তেলীগ্রামের কাজী বেলালের ছেলে, কলেজ শিক্ষার্থী কাজী আব্দুল্লাহ আল জাবের (২৪)।
প্র
ত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমানগন্ডা এলাকায় মা রোজিনা আক্তার (৪১)-এর সঙ্গে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু মুনতাসীরের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রোজিনা আক্তারকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আকিব মাহমুদ জানান, আহত নারীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
অপরদিকে, একই দিন বিকেলে মহাসড়কের গাংরা রাস্তার মাথা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে নামার সময় দ্রুতগতির একটি লরির ধাক্কায় গুরুতর আহত হন কলেজ শিক্ষার্থী কাজী আব্দুল্লাহ আল জাবের। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই তার মৃত্যু হয়।
মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং নিরাপদ পারাপারের ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: 


















