মুরাদনগর বার্তা অনলাইন ডেস্খ:
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেই মানবিক দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
রোববার সকালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে দীর্ঘদিন সৌদি আরবে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকা ওমরাহযাত্রী হেদায়েতুল ইসলামের খোঁজখবর নেন।
হাসপাতালে গিয়ে ধর্মমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং রোগীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত অবহিত হন। একই সঙ্গে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরে রোগীর পরিবার ও স্বজনদের সুবিধার কথা বিবেচনা করে তাকে ফেনী সদর হাসপাতাল-এ স্থানান্তরের ব্যবস্থা গ্রহণ করেন।
জানা গেছে, ফেনীর বাসিন্দা হেদায়েতুল ইসলাম (৭৪) ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। সেখানে অবস্থানকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং দীর্ঘ তিন বছরের বেশি সময় চিকিৎসাধীন অবস্থায় কাটান। এ সময়ে তিনি শারীরিক কষ্টের পাশাপাশি নানা আর্থিক সংকটের মধ্যেও ছিলেন।
বিষয়টি জানতে পেরে ধর্মমন্ত্রী কায়কোবাদ ব্যক্তিগত উদ্যোগে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তার প্রচেষ্টায় চলতি বছরের ১৩ মে হেদায়েতুল ইসলামকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়। দেশে ফেরার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং তার চিকিৎসা ব্যয় নির্বাহে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।
শুধু দেশে ফিরিয়ে আনা নয়, রোগীর চিকিৎসার অগ্রগতি নিয়মিত তদারকি এবং চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগও বজায় রাখেন ধর্মমন্ত্রী। সর্বশেষ হজ পালন শেষে দেশে ফিরে তিনি সরাসরি হাসপাতালে গিয়ে রোগীর খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার অগ্রগতি পর্যালোচনা করেন।
হেদায়েতুল ইসলামের পরিবার ধর্মমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, দীর্ঘদিন বিদেশে অসহায় অবস্থায় থাকার পর দেশে ফিরিয়ে এনে চিকিৎসার ব্যবস্থা এবং নিয়মিত খোঁজখবর নেওয়া তাদের জন্য বড় স্বস্তির বিষয়।
ধর্মমন্ত্রী কায়কোবাদ বলেন, “হেদায়েতুল ইসলাম দীর্ঘদিন সৌদি আরবে অসুস্থ অবস্থায় মানবেতর জীবনযাপন করছিলেন।
বিষয়টি জানার পর তাকে দেশে ফিরিয়ে এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। একজন বাংলাদেশি নাগরিক হিসেবে তার চিকিৎসা ও সুস্থতার বিষয়টি আমাদের দায়িত্বের অংশ। বর্তমানে তার চিকিৎসা চলমান রয়েছে এবং আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
তিনি হেদায়েতুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করেন এবং মানবিক সহায়তার এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মুরাদনগর বার্তা ডেস্ক : 

















