আয়শা রহমান প্রজ্ঞা, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় ব্রীজে উঠতে গিয়ে চামড়া বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে চালক নিহত এবং আরও ২ জন আহত হয়েছেন।
শনিবার (২০ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার খলিলপুর বাজারের পূর্ব পাশের ব্রীজে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি ঢাকাগামী ছিল বলে জানা গেছে।
নিহত ট্রাকচালক সোহেল গাজীপুরের বাসিন্দা। আহতদের মধ্যে হেলপার মনির সিরাজগঞ্জের এবং অপর একজনের পরিচয় এখনো জানা যায়নি। আহতরা সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে দেবীদ্বার থানা পুলিশ ও মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে ট্রাকটি খাদে পড়ে যাওয়ায় এবং রেকার না আসায় চালকের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রেকার পৌঁছালে ট্রাকটি উদ্ধার করে ভেতরে আটকে থাকা মরদেহ উদ্ধার করা হবে।
শনিবার দিবাগত রাত ১টা পর্যন্ত ট্রাকটি খাদে পড়ে ছিল এবং উদ্ধার কাজ চলছিল বলে জানা যায়।
এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করা হয়েছে, তবে রেকার বিলম্বিত হওয়ায় মরদেহ এখনো ট্রাকের নিচে রয়েছে।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আয়শা রহমান প্রজ্ঞা, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: 
















