সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আগুনে পুড়ে গেছে ব্যবসায়ীদের দীর্ঘদিনের সঞ্চয় ও স্বপ্ন। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে ধারণা করা হচ্ছে।
সোমবার সকালে উপজেলার বাঙ্গড্ডা বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শাহজাহান ট্রেডার্স। প্রতিষ্ঠানটির পার্টস দোকান ও মোরগের দোকান সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের সময় তার দোকানে থাকা নগদ প্রায় ২০ লাখ টাকা সহ প্রায় ৭০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এছাড়াও ভুট্টু মিয়ার ফার্নিচার দোকান আগুনে পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। মোজাম্মেল লাইটিং হাউজ অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা। খাজা নেছারিয়া হোটেলে আগুনে পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের লাকসাম ও চৌদ্দগ্রাম থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে প্রায় সব ভস্মীভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, যদি ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে আসতো তাহলে এত বড় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটতোনা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের সহায় সম্ভল হারিয়ে দিশেহারা। তারা সরকারের নিকট সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে লাকসাম ও নাঙ্গলকোট ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করে আগুন নিভানোর ব্যবস্থা গ্রহণ করি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে তাদেরকে সরকারের পক্ষ থেকে সহায়তা করার ব্যবস্থা গ্রহণ করবো।
সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: 









