রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খাঁন নিজ এলাকায় ডাকাতের হামলার শিকার হয়েছেন। হামলায় আহত হয়ে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি প্রশাসনিক মহল, স্থানীয় জনসাধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উদ্বেগ ও আলোচনার জন্ম দিয়েছে।
জানা গেছে, শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে নিজ বাড়িতে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।
হামলার পর স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে হামলার কারণ, হামলাকারীদের পরিচয় এবং ঘটনার বিস্তারিত বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ঘটনার খবর পেয়ে ধর্মমন্ত্রী ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ আহত কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিষয়ে অবগত হন এবং সাকিব হাসান খাঁনের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে দায়িত্ব পালনরত একজন প্রশাসনিক কর্মকর্তার ওপর এমন হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অনেকেই ঘটনার দ্রুত তদন্ত, হামলাকারীদের শনাক্তকরণ এবং আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে মুরাদনগরে সুনাম অর্জন করেছিলেন সাকিব হাসান খাঁন। ফলে তার ওপর হামলার খবরে স্থানীয়দের মধ্যেও উদ্বেগ ও সহানুভূতির সৃষ্টি হয়েছে।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বী বলেন, “সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁনের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর রাখা হচ্ছে। তার দ্রুত সুস্থতা কামনা করছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছি।”
সংশ্লিষ্ট মহলের মতে, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী প্রশাসনিক কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রীয় সেবা ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম ও জনগণের আস্থা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁনের দ্রুত আরোগ্য কামনা করেছেন সহকর্মী, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় বাসিন্দারা।
রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি 
















