সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতির শিকার একটি পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বী।
সোমবার (১ জুন) রাত ১১টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা গ্রামে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন, তাদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
ক্ষতিগ্রস্ত গৃহকর্তা মোঃ মনির হোসেন জানান, আগুনে নগদ অর্থ, মূল্যবান আসবাবপত্র, কাপড়চোপড়সহ প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মনির হোসেনের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। সে সময় পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে বসতঘরসহ ঘরের প্রায় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে রাতেই ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে ছুটে যান ইউএনও এবিএম সারোয়ার রাব্বী। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। পাশাপাশি সরকারি সহায়তার ব্যবস্থাও করা হবে বলে আশ্বাস দেন।
ইউএনওর এই মানবিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারসহ স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁর এমন উপস্থিতি ও সহমর্মিতা দুর্গত পরিবারের মাঝে নতুন করে সাহস ও আশার সঞ্চার করেছে।
সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: 









