রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
পরিবেশের ভারসাম্য রক্ষা ও মুরাদনগরকে সবুজায়নের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে দ্বিতীয় দফায় আরও ১০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
কুমিল্লা-৩ (মুরাদনগর ও বাঙ্গরা) আসনের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ-এর ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ১২৯টি মাদ্রাসা ও এতিমখানায় এসব চারা বিতরণ করা হয়।
এর আগে গত ৩০ আগস্ট উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় আরও ১০ হাজার চারা বিতরণ করা হয়েছিল। এ নিয়ে দুই দফায় কায়কোবাদ-এর ব্যক্তিগত উদ্যোগে মুরাদনগরে মোট ২০ হাজার গাছের চারা বিতরণ করা হলো।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় মুরাদনগর উপজেলা প্রশাসনের মাধ্যমে এ চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলার ১২৯টি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সারোয়ার রাব্বি ও কুমিল্লা সামাজিক বন বিভাগের হেডকোয়ার্টার রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ, হেফাজতে ইসলাম কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক ও মুরাদনগর বড় মাদ্রাসার মহাপরিচালক মুফতি আমজাদ হোসেন, মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য মো. মুজিব মেম্বার, বিএনপি নেতা মাহমুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সংশ্লিষ্টরা জানান, শুধু চারা বিতরণেই কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এসব গাছ রোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণে শিক্ষক-শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে।
দেশব্যাপী বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে মুরাদনগরেও এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট মুরাদনগরের স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের মধ্যে কায়কোবাদ-এর ব্যক্তিগত উদ্যোগে ১০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। মঙ্গলবার আরও ১০ হাজার চারা বিতরণের মধ্য দিয়ে এ সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজারে।
রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ 













