রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি:
আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার প্রসার এবং নগদবিহীন লেনদেনে ব্যবসায়ী ও গ্রাহকদের উৎসাহিত করতে কুমিল্লার মুরাদনগরের কোম্পানীগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলা কিউআর ক্যাম্পেইন’। ‘এক দেশ, এক কিউআর’ স্লোগানকে সামনে রেখে মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র্যালির মাধ্যমে বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা সৃষ্টি এবং ক্যাশলেস লেনদেনের গুরুত্ব তুলে ধরা হয়।
সোমবার (১০ আগস্ট) সকালে কোম্পানীগঞ্জ কলেজ সুপার মার্কেট প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে বাংলা কিউআর সেবা সম্পর্কে সচেতনতা সৃষ্টি, ডিজিটাল লেনদেনে উৎসাহ প্রদান এবং নিরাপদ ও সহজ ক্যাশলেস লেনদেনের প্রসারে গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ ব্যাংকের চালু করা বাংলা কিউআর ব্যবস্থার মাধ্যমে একটি কিউআর কোড স্ক্যান করেই বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অ্যাপ ব্যবহার করে সহজে ও নিরাপদে লেনদেন করা যায়।
অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি’র কোম্পানীগঞ্জ উপশাখার শাখা ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. ফখরুল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ব্যাংকের কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. মাইনুল ইসলাম।
পূবালী ব্যাংক পিএলসি’র কোম্পানীগঞ্জ উপশাখার ডেপুটি জুনিয়র অফিসার মো. বশির সরকার-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেবিদ্বার শাখার শাখা ব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপক মো. ওয়েজ মাসুম চৌধুরী, কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের মোহাম্মদ আক্তার হোসেন এবং কোম্পানীগঞ্জ কলেজ সুপার মার্কেটের সভাপতি মো. আনোয়ার হোসেন।
এ সময় কোম্পানীগঞ্জ কলেজ সুপার মার্কেটের সাধারণ সম্পাদকসহ মার্কেটের অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ইদন মিয়া, ইউনিলিভার কোম্পানীগঞ্জ শাখার সেলস অফিসার বাদল মিয়া, জোস কালেকশনের স্বত্বাধিকারী জামাল হোসেন, ওকে ফ্যাশনের স্বত্বাধিকারী বেলাল আহমেদসহ পূবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডিজিটাল লেনদেনে বাড়বে স্বচ্ছতা ও নিরাপত্তা
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল লেনদেনের প্রসারে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর ব্যবহার বাড়ানো গেলে নগদ অর্থের ওপর নির্ভরতা কমার পাশাপাশি লেনদেনে স্বচ্ছতা, নিরাপত্তা ও গতি বাড়বে। ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে ডিজিটাল লেনদেনের অভ্যাস গড়ে তুলতেও বাংলা কিউআর কার্যকর ভূমিকা রাখতে পারে।
বক্তারা কোম্পানীগঞ্জ এলাকার ব্যবসায়ী ও গ্রাহকদের বাংলা কিউআর ব্যবহারে উৎসাহিত করেন। একই সঙ্গে ক্যাশলেস লেনদেনের মাধ্যমে আধুনিক ও স্মার্ট অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
ব্যবসায়ীদের হাতে পিওএস ও কিউআর মেশিন
ক্যাম্পেইন শেষে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়ীদের মধ্যে পিওএস ও কিউআর মেশিন বিতরণ করা হয়। এ সময় আলিফ ফ্যাশনের স্বত্বাধিকারী আব্দুল গাফফার এবং মা-বাবা কসমেটিকসের স্বত্বাধিকারী নজরুল ইসলাম-এর হাতে পিওএস ও কিউআর মেশিন তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
এর মধ্য দিয়ে কোম্পানীগঞ্জের ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে ক্যাশলেস লেনদেনের প্রসারে বাংলা কিউআর সেবার ব্যবহার আরও বিস্তৃত করার উদ্যোগ নতুন গতি পেল।
রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি 








