হাফেজ নজরুল, মুরাদনগর (কুমিল্লা):
কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রতিবন্ধী এক কিশোরীকে নির্যাতনের অভিযোগে তার চাচাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের কৈজুরী গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তি কৈজুরী গ্রামের মৃত শিরন মিয়ার ছেলে ইরন মিয়া (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই কিশোরীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জানান, সে প্রায় দুই মাসের অন্তঃসত্ত্বা। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে কিশোরী তার চাচা ইরন মিয়ার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে স্থানীয়রা অভিযুক্ত ইরন মিয়াকে আটক করে গণধোলাই দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।
গ্রামবাসীরা জানান, কিশোরীর বাবা প্রবাসে থাকেন। পরিবারেরই একজন ঘনিষ্ঠ আত্মীয়ের বিরুদ্ধে এমন অভিযোগে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় কিশোরীর মামা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ইরন মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
হাফেজ নজরুল ইসলাম 















