মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধি:
‘বন্ধু বলে কথা!’—এই কথার বাস্তব উদাহরণ যেন নতুন করে দেখালেন কুমিল্লার মুরাদনগরের ৯ তরুণ। বন্ধুর কষ্টে পাশে দাঁড়াতে গিয়ে তারা যা করলেন, তা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে।
ঘটনাটি উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পশ্চিম ইউনিয়নের খৈয়াখালী বাজারের। বিষয়টি শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
খোঁজ নিয়ে জানা যায়, দৌলতপুর গ্রামের সজীব নামের এক যুবক মাথার ত্বকের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে তাকে মাথা ন্যাড়া করতে হয়। বিষয়টি জানতে পেরে বন্ধুর কষ্ট ভাগ করে নিতে এগিয়ে আসেন তার বন্ধুরা। একে একে নিজেদের চুল ফেলে দিয়ে ন্যাড়া হয়ে যান আরও ৯ বন্ধু।
এই বন্ধুত্বের অনন্য নজির গড়েন কাইয়ুম মিয়া, মো. আলম, শরিফ, মো. মোমেন, মো. নাজিম, মো. শাহজালাল, মো. মাইনুদ্দিন, মো. সাদ্দাম ও মো. সাগর।
বন্ধুরা জানান, “সজীব যেন নিজেকে একা না ভাবে, তার মন ভালো রাখতেই আমরা সবাই ন্যাড়া হয়েছি।”
স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া আবেগঘন কণ্ঠে বলেন, “এটাই প্রকৃত বন্ধুত্ব—যেখানে সুখ-দুঃখ সবকিছুই একসঙ্গে ভাগ করে নেওয়া হয়।”
বন্ধুদের এই ভালোবাসার প্রতিদান দিতেও পিছিয়ে থাকেননি সজীব। বৃহস্পতিবার দুপুরে খৈয়াখালী বাজারের ‘মাই ডিয়ার চটপটি হাউজ’-এর ছাদে বন্ধুদের সম্মানে আয়োজন করেন এক ব্যতিক্রমী পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
লটারির মাধ্যমে প্রথম বিজয়ীকে দেওয়া হয় একটি খাসি, দ্বিতীয়জন পান একটি রাজহাঁস এবং তৃতীয়জনের হাতে তুলে দেওয়া হয় একটি দেশি মোরগ। এছাড়া বাকি বন্ধুদের প্রত্যেককে উপহার হিসেবে দেওয়া হয় একটি করে হাতঘড়ি।
শেষ পর্যন্ত এই গল্পটি আবারও মনে করিয়ে দেয়—রক্তের সম্পর্ক নয়, হৃদয়ের সম্পর্কই সবচেয়ে গভীর। মুরাদনগরের এই ১০ যুবক যেন সেই সত্যকেই নতুন করে তুলে ধরলেন।
মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধিঃ 













