রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধ ও অনুমোদনহীন খাদ্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর যৌথ অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ খাদ্যপণ্য জব্দ করা হয়।
সোমবার (৮ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি করা হয়।
অভিযানকালে মেসার্স বাদল ফুড অ্যান্ড বেভারেজ-এ অনুমোদন ছাড়াই এডিবল জেল (অরেঞ্জ ও স্ট্রবেরি ফ্লেভার) উৎপাদন, বিক্রয় ও বিতরণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
একই অভিযানে শ্রীকাইল রোড এলাকায় মেসার্স বি বাড়িয়া বেকারী কর্তৃক অনুমোদনবিহীনভাবে ব্রেড ও বিস্কুট উৎপাদন ও বাজারজাত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় প্রতিষ্ঠানটির প্রায় ২০০ কেজি ব্রেড ও বিস্কুট জব্দ করা হয়। পরে জব্দকৃত পণ্য উন্মুক্ত নিলামের মাধ্যমে পশুখাদ্য হিসেবে বিক্রি করা হয়।
অভিযান পরিচালনা করেন মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের কর্মকর্তা মো. ইকবাল আহম্মদ এবং প্রকৌশলী আরিফ উদ্দিন প্রিয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে বাজার তদারকি এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি: 
















