রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে নারীসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ধামঘর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় উপজেলা প্রশাসন ও মুরাদনগর থানা পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব হাছান খাঁন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরমতলা গ্রামের মজনুর ছেলে শাহজালাল (২৪) এবং কৃষ্ণপুর গ্রামের শাহ আলমের ছেলে মো. এমরান (৪২)-কে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া একই আইনে সিদ্ধেশ্বরী গ্রামের কালাচানের মেয়ে মিলন রানী সরকারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে মুরাদনগর থানার পুলিশের একটি দল সহযোগিতা করে।
মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও সাকিব হাছান খাঁন বলেন, “জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান আরও জোরদার করা হবে।”
স্থানীয়রা জানান, নিয়মিত ও জোরালো মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হলে এলাকায় মাদকের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে তরুণ ও কিশোরদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন তারা।
রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি 










