মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার পারিবারিক কলহের জেরে আর্জুনা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী জামাল শিকদারের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আর্জুনা বেগম ওই গ্রামের জামাল শিকদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার রাজামেহের এলাকা থেকে এসে পাহাড়পুর গ্রামে বসতি গড়েন জামাল শিকদার ও আর্জুনা বেগম। জামাল শিকদার বর্তমানে পাহাড়পুর এলাকার একটি ফিশারি প্রকল্পে কর্মরত ছিলেন। তাঁদের সংসারে ১৪ বছর বয়সী একটি মেয়ে ও ১০ বছর বয়সী একটি ছেলে রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, সোমবার দুপুর ১২টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ১০ বছর বয়সী ছেলে ইয়াসিনের সামনেই দা দিয়ে আর্জুনা বেগমকে আঘাত করা হয় বলে অভিযোগ ওঠে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
ঘটনার পর অভিযুক্ত জামাল শিকদার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আঃ ছামাদ মাঝি বলেন, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে ঘরের দরজার কাছে আর্জুনা বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনার সময় নিহতের ছেলে ইয়াসিন সেখানে উপস্থিত ছিল বলেও জানান তিনি।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে নিহতের স্বামী জামাল শিকদার পলাতক রয়েছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মাহবুব আলম আরিফ, বিশেষ প্রতিনিধিঃ 








