রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা)ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলাকে মাদকমুক্ত করতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ধারাবাহিকভাবে র্যালি ও সমাবেশ করে যাচ্ছে মুরাদনগর থানা পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ বাজারে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মুরাদনগর থানার আয়োজনে অনুষ্ঠিত র্যালিতে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিটি বাখরাবাদ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজারে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপির উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি।
সমাবেশে সভাপতিত্ব করেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, “মাদক পরিবার ও সমাজকে ধ্বংস করে। মুরাদনগরকে মাদকমুক্ত করতে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদক নির্মূলে দল-মত নির্বিশেষে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।”
এসআই সুলতানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ তৌফিক আহমেদ মীর, মাদক নির্মূল কমিটির ইউনিয়ন সভাপতি হাজী মো. দেলোয়ার হোসেন চিশতী, জাহাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আতিকুল্লাহ পিয়া, জাহাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামাল মেম্বার, যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাসান আহমেদ, আল মামুন ও আনিসুর রহমান রুবেল।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি কায়কোবাদ হোসেন সোহাগ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ফাহাদ হোসেন, ইউপি সদস্য মো. বাহার উদ্দিন, জাহাপুর কমলাকান্ত স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল আক্তার হোসেন, ছয়ফুল্লাকান্দি বাজার মসজিদের ইমাম জুনায়েদ আহমেদ, ছয়ফুল্লাকান্দি কেন্দ্রীয় মসজিদের ইমাম মো. আবুল কালাম, বাখরাবাদ বাজার মসজিদের ইমাম মোহাম্মদ জাকারিয়া ফয়েজ, বিএনপি নেতা নজরুল ইসলাম, আবু মুসাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
মুরাদনগর বার্তা ডেস্ক : 













