রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে বহুল প্রতীক্ষিত মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের উন্নয়নকাজ শুরু হয়েছে। ইলিয়টগঞ্জ-মুরাদনগর-রামচন্দ্রপুর-বাঞ্ছারামপুর (জেড-১০৪২) সড়কের মুরাদনগর-রামচন্দ্রপুর অংশের উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ৫২ কোটি টাকা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এ উন্নয়নকাজের উদ্বোধন করা হয়।
উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী সড়কের উন্নয়নকাজে অনিয়ম, চাঁদাবাজি ও ঘুষের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। তিনি ঠিকাদারকে কাজের মান বজায় রাখার আহ্বান জানান এবং কেউ চাঁদা বা ঘুষ দাবি করলে তাকে থানায় সোপর্দ করার অথবা বিষয়টি তাঁকে জানানোর আহ্বান জানান।
ধর্মমন্ত্রী বলেন, তিনি মুরাদনগরকে দুর্নীতি, অন্যায় ও মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে চান। একই সঙ্গে সাধারণ ও দরিদ্র মানুষের জন্য একটি সুন্দর মুরাদনগর গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, মুরাদনগরের বিভিন্ন সড়ক ও জনপথের রাস্তা সড়ক ও জনপথের আওতায় আনার পাশাপাশি এলজিইডির গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়নেও কাজ করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা।
উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন মোল্লা, বিএনপি নেতা শরীফ আহমেদ মীর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাছান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, উপজেলা কৃষকদলের সভাপতি নায়েব আলী, বিএনপি নেতা মো. মাহমুদ, মারফত আলী, ওমর ফারুক সোহাগ, মো. আলী, ইকবাল হোসেন, ঠিকাদার দেলোয়ার হোসেনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয়রা জানান, মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় ছিল। উন্নয়নকাজ সম্পন্ন হলে এ সড়কে চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহনের দুর্ভোগ কমবে এবং এলাকার যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে।
রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি 


















