রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে কুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে লক্ষাধিক ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ কর্মসূচির মাধ্যমে পুরো উপজেলাজুড়ে একটি সবুজ ও টেকসই পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন ধর্মমন্ত্রী ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রত্যেক শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ করে, তাহলে খুব অল্প সময়েই একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব। বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণের বাস্তব শিক্ষা লাভ করবে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারবে।” তিনি এ ধরনের কর্মসূচি প্রতিবছর নিয়মিত আয়োজনের ওপরও গুরুত্বারোপ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর, উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ এবং সাংবাদিক বেলাল উদ্দিন আহমদ।
সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তারা আরও বলেন, “আজকের একটি গাছই আগামী দিনের সুস্থ পরিবেশের ভিত্তি। তাই প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে গাছ তুলে দিয়ে সবুজ মুরাদনগর গড়ে তোলার এ উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।”
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষার দায়িত্ববোধ আরও জোরদার হবে এবং লক্ষাধিক বৃক্ষরোপণের এ কর্মসূচি মুরাদনগরকে একটি সবুজ, পরিবেশবান্ধব ও টেকসই উপজেলায় পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি 















