রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
মাদকমুক্ত মুরাদনগর গড়ার লক্ষ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলার উত্তরপাড়া বাইতুল আওলা জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে মাদকবিরোধী সচেতনতামূলক বক্তব্য প্রদান করেছেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।
শুক্রবার (১২ জুন) দুপুরে আয়োজিত এ সচেতনতামূলক অনুষ্ঠানে তিনি বলেন, “মাদক কেবল একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং পুরো ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে ওসি আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “সন্তানদের চলাফেরা, বন্ধু নির্বাচন এবং দৈনন্দিন কর্মকাণ্ডের ওপর নিয়মিত নজরদারি রাখতে হবে। পরিবার থেকেই সচেতনতা গড়ে উঠলে সমাজে মাদকের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।”
তিনি আরও বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে সফল হওয়া সম্ভব নয়। এজন্য সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। কোথাও মাদক ব্যবসা বা মাদক সংশ্লিষ্ট কোনো তথ্য জানা থাকলে তা দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিরা মাদকবিরোধী এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয়দের মতে, ধর্মীয় ও সামাজিক পরিসরে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে এবং তাদের সুপথে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ 
















