রায়হান চৌধুরী / মনির হোসেন খান, বিশেষ প্রতিনিধিঃ
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান, বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. জসিম উদ্দিন, আইসিটি সহকারী প্রোগ্রামার রাফিত আহম্মেদ, কোম্পানীগঞ্জ জোনাল পল্লী বিদ্যুতের ডিজিএম মো. মহিউদ্দিন, রহিমপুর অযাচক আশ্রমের ডা. মানবেন্দ্র নাথ সরকার (যুগল ব্রহ্মচারী), ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, শুকলাল দেবনাথ, সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ, কুমিল্লা (উওর) জেলা পূজা পরিষদ ফন্ট কমিটির আহ্বায়ক দুলাল দেবনাথ, অরুপ নারায়ণ পোদ্দার, দিন দয়াল পাল ও নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
সভায় পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি উৎসবমুখর পরিবেশ যেন কোনো কারণে বিষাদময় না হয়, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে বলা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান বলেন, আসন্ন দুর্গাপূজাকে সাফল্যমণ্ডিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোনো প্রকার বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। পূজা মণ্ডপে যদি কেউ অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে, সাথে সাথে প্রশাসনকে জানাতে হবে।
সভাশেষে ১৫৩টি সার্বজনীন পূজা মণ্ডপের জন্য ৫০০ কেজি করে জিআর চাল বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়। এ বছর মুরাদনগরের ২২টি ইউনিয়নে মোট ১৫৩টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
মুরাদনগর বার্তা ডেস্ক : 















