মুরাদনগর বার্তা অনলাইন ডেস্কঃ
অধ্যাপক আব্দুল মজিদ কলেজের বাংলা বিভাগের প্রভাষক, মুরাদনগর ও হোমনা প্রেসক্লাবের উপদেষ্টা এবং সিনিয়র সাংবাদিক শাহআলম জাহাঙ্গীর আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে মুরাদনগর ও হোমনার সাংবাদিক সমাজ, শিক্ষাঙ্গন এবং সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শাহআলম জাহাঙ্গীর শিক্ষকতা ও সাংবাদিকতা—দুই অঙ্গনেই ছিলেন অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সুনামের সঙ্গে শিক্ষাদান করে অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে অবদান রাখেন। পাশাপাশি সাংবাদিকতা পেশায় থেকেও তিনি সমাজের নানা সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টায় অধ্যাপক আব্দুল মজিদ কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে মুরাদনগর উপজেলার প্রথম অনলাইন পত্রিকা মুরাদনগর বার্তাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মুরাদনগর বার্তা ডেস্ক : 









