রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই বালু ব্যবসায়ীকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ঘটনাস্থল থেকে তিনটি ড্রেজার মেশিন অপসারণ এবং প্রায় ১ হাজার ৫০০ ফুট পাইপ জব্দ ও অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার আকুবপুর ইউনিয়নের একটি এলাকায় উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের হাতেনাতে আটক করা হয়।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাৎক্ষণিক বিচার শেষে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের পরবর্তীতে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার পীর কাশিমপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে হান্নান (২৮) এবং একই গ্রামের আব্দুর রহমানের ছেলে ইয়াসিন (২৯)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন জানান, দীর্ঘদিন ধরে আকুবপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই বালু ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়।
তিনি আরও জানান, অভিযানের সময় ব্যবহৃত তিনটি ড্রেজার মেশিন এবং প্রায় ১ হাজার ৫০০ ফুট পাইপ অপসারণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং নদী-খাল রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।
অভিযানে বাঙ্গরা বাজার থানার পুলিশ সদস্যরা উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করেন।
স্থানীয়দের মতে, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে কৃষিজমি, নদী-খাল ও পরিবেশ মারাত্মক ক্ষতির মুখে পড়ে। তাই প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে অবৈধ বালু উত্তোলন অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।
রায়হান চৌধুরী, বিশেষ প্রতিনিধি 















