সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদকবিরোধী অভিযানে একাধিক মাদক মামলার আসামি আব্দুল্লাহ আল মাসুম (৩০), তার স্ত্রী মীম আক্তার (২৪) ও সাইফুল আলীম (৫৫) নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাসুমকে স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার জাহাঁপুর ইউনিয়নের বাখরাবাদ বাজার এলাকার কবির মিয়ার (সাইফুলেন্নেছা) মার্কেটে মাসুমের এনজিও কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—গাংগাটিয়া গ্রামের হাজী মো. কবির সওদাগরের ছেলে আব্দুল্লাহ আল মাসুম (৩০), তার স্ত্রী মীম আক্তার (২৪) এবং ছয়ফুল্লাকান্দি গ্রামের মৃত আব্দুল গফুর মাস্টারের ছেলে সাইফুল আলীম (৫৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই মো. মহিন উদ্দিনের নেতৃত্বে এসআই রাজু বড়ুয়া, এএসআই মহসিন আলম, এএসআই নুর মোহাম্মদ, এএসআই কুসুম বড়ুয়াসহ পুলিশের একটি দল বাখরাবাদ বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
অভিযান চালিয়ে মাসুমকে গ্রেপ্তার করার সময় অপর দুই আসামিসহ অজ্ঞাতনামা কয়েকজন পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছে পুলিশ। এ সময় সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্যদের জখম করার ঘটনাও ঘটে বলে জানানো হয়েছে।
এ ঘটনায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্যদের জখম করার অভিযোগে থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মাসুম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার মাদক ব্যবসায় স্ত্রীসহ আরও কয়েকজন সহযোগিতা করতেন বলেও অভিযোগ রয়েছে। তিনজনের গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানান তারা।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একটি মাদক মামলা ও একটি পুলিশ অ্যাসল্ট মামলা রুজু করা হয়েছে। মাসুমের বিরুদ্ধে পূর্বের মাদক মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে।”
তিনি আরও জানান, শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের কুমিল্লার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মুরাদনগরকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
সফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ 














